যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ১২ শ্রাবণ ১৪৩৩

সাভারে ছেলের সঙ্গে বিরোধে বাবার মৃত্যু, আটক ছেলে

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ AM

সাভারে ছেলের সঙ্গে বিরোধে বাবার মৃত্যু, আটক ছেলে

ঢাকার সাভারে ছেলের সঙ্গে পারিবারিক বিরোধের এক পর্যায়ে মহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা-পুলিশ।

সোমবার ভোর চারটার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মহিন মিয়া ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, ভোরে মহিন মিয়া ছেলের কক্ষে গিয়ে একটি মোবাইল ফোনের চার্জার খুঁজছিলেন। চার্জার না পেয়ে ছেলে ও স্ত্রীকে বকাঝকা করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় মহিন মিয়া অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বাবা-ছেলের ধস্তাধস্তির সময় গুরুতর আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে জিসানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!