যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার ১১ কার্তিক ১৪৩৩

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫, আহত ৮

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ AM

৯
সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫, আহত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাঁদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত পাঁচজনের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ফাতেমা (৪০) ও তাঁর আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় জানা গেছে। তাঁদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।

দুর্ঘটনায় আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!