যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬, সোমবার ১০ কার্তিক ১৪৩৩

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ AM

৯
পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) জনস্বার্থে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা—মওসুসের পক্ষে রিটটি করেন সংস্থাটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।

রিটে পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রিটে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

নদী ও জনজীবন রক্ষার দাবি

পদ্মা নদী দেশের অর্থনীতি, পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বৈজ্ঞানিক মূল্যায়ন এবং কার্যকর নজরদারি গুরুত্বপূর্ণ বলে রিটে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা—মওসুসের মতে, প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।

সংস্থাটি বলেছে, জনস্বার্থে দায়ের করা এই রিটের মাধ্যমে পদ্মা নদী রক্ষায় আইনসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আদালতের বিবেচনায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!