আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
সারজিস বলেন, বিএনপি ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর মধ্যে একটি অলিখিত সমঝোতা ছিল। সেই কারণেই ক্ষমতায় আসার পর অনেক দাগি আসামি জামিন পাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের সময় যারা হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের অনেকেই এখন জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এতে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংসদে বিভিন্ন অধ্যাদেশ বাতিলের সমালোচনা করে তিনি বলেন, যেসব সংস্কারের দাবি আগে বিএনপি করেছিল, ক্ষমতায় এসে সেগুলোর অনেকগুলোই তারা বাতিল করেছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির উদ্দেশে সারজিস বলেন, বিরোধী দলের রাজনৈতিক পরিসর সংকুচিত করে সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে এগোলে তা শেষ পর্যন্ত তাদের জন্যই ক্ষতিকর হবে।
তিনি শহীদ পরিবার ও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক প্রলোভনে বিভক্ত না হয়ে নিজেদের দাবি ও আকাঙ্ক্ষার পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!