দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বাংলাদেশের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকার নতুন বাজারে প্রবেশ এবং রপ্তানি সম্প্রসারণে একাধিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা খুব শিগগির শেষ হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা এবং বিদ্যমান বাজারে শুল্কসুবিধা অব্যাহত রাখতে এফটিএসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বাণিজ্যমন্ত্রী জানান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরের জন্য প্রয়োজনীয় প্রস্তাব আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। এ চুক্তি কার্যকর হলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।
বাণিজ্যমন্ত্রীর মতে, এসব বাণিজ্য চুক্তি রপ্তানি বাজার বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরকে আরও সহজ করবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের অর্থনৈতিক ও বাণিজ্য কূটনীতির ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে চলমান আলোচনা দেশের রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!