যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ১২ শ্রাবণ ১৪৩৩

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশেই সমৃদ্ধি সম্ভব: শ্রমমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ AM

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশেই সমৃদ্ধি সম্ভব: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বর্তমান প্রজন্ম মেধাবী ও সম্ভাবনাময়। যথাযথ দিকনির্দেশনা পেলে তারাই ভবিষ্যতে দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে।

রোববার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, দক্ষ শ্রমশক্তি ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। চীনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশটি বৈশ্বিক অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে।

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, উন্নত দেশগুলোতে কর্মক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশের অনেক শিল্পকারখানায় এখনো এ বিষয়ে কাঙ্ক্ষিত মান নিশ্চিত হয়নি।

তিনি শ্রম পরিদর্শকদের উদ্দেশে বলেন, পরিদর্শন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা জানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ দেশের জনশক্তিই সবচেয়ে মূল্যবান সম্পদ।

তরুণদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন এবং সৃজনশীল কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!