চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ব্যস্ত সূচির মাঝেই সুখবর পেলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। বাবা হয়েছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানান রশিদ। একদিন আগে শুক্রবার তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন।
সন্তানের নাম রাখা হয়েছে ‘আসলান’। তুর্কি ভাষায় যার অর্থ ‘সিংহ’। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সন্তানের ছবি পোস্ট করে রশিদ লিখেছেন, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’ স্ত্রী ও সন্তানের জন্য ভক্তদের কাছে দোয়াও চান এই তারকা ক্রিকেটার।
ব্যক্তিগত জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেও পেশাদারিত্বে ছাড় দেননি রশিদ। স্ত্রী সন্তানসম্ভবা থাকা সত্ত্বেও আইপিএল থেকে ছুটি নেননি। তার দল গুজরাট টাইটান্স-এর হয়ে নিয়মিত মাঠে খেলছেন তিনি। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স-এর বিপক্ষে ম্যাচেও দলের জয়ে অবদান রাখেন।
চলতি আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন রশিদ। ইকোনমি রেট ৭.৭০। ব্যাট হাতেও সুযোগ পেয়ে করেছেন ২৪ রান।
ব্যক্তিগত আনন্দ আর পেশাদার দায়িত্ব—দুই সামলিয়ে এখন সময়টা দারুণ কাটছে রশিদ খানের।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!