চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসই বাংলাদেশের জাতিসত্তার ভিত্তি। এই ইতিহাসকে বিকৃত বা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম-এর জিমনেসিয়াম প্রাঙ্গণে ‘স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা পদক-২০২৬ প্রদান করা হয়।
মেয়র বলেন, সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি জাতির প্রতি তাদের অবদানের স্বীকৃতি। তিনি জানান, সম্মাননা প্রদানে রাজনৈতিক পরিচয় নয়, বরং অবদানকেই প্রধান বিবেচনায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ইতিহাস তার নিজস্ব ধারায় চলবে এবং ইতিহাসবিদদের দায়িত্ব তা সংরক্ষণ করা। কোনো ধরনের অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা সম্ভব নয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন।
এবার স্বাধীনতা স্মারক সম্মাননায় মোট আট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান-কে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া মুক্তিযুদ্ধ, শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ক্রীড়াক্ষেত্রে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সম্মাননা লাভ করে।
অন্যদিকে সাহিত্য সম্মাননা পদকে গীতিকবিতা, শিশু সাহিত্য, প্রবন্ধ, কবিতা ও কথাসাহিত্যে অবদানের জন্য পাঁচজন সাহিত্যিককে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!