ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি তার চিরচেনা রূপ-সৌন্দর্য নিয়েও ভক্তদের প্রশংসা থেমে নেই। অনেকেই তাকে ‘চিরযৌবনা’ হিসেবেও অভিহিত করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের এমন প্রশংসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, ভক্তদের ভালোবাসা ও প্রশংসা তিনি উপভোগ করেন।
তার ভাষায়, ‘আপনারা বলতে থাকেন, আমি উপভোগ করছি। তবে আমি একই জায়গায় নেই—আমার মধ্যেও পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে, সেটা আসলে আমার জন্য এক ধরনের আশীর্বাদ।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণিমা বলেন, তাদের ভালোবাসা ও দোয়াই তাকে আজকের অবস্থানে এনে দিয়েছে। ‘আপনারা আছেন বলেই আমরা আছি’—যোগ করেন তিনি।
তবে নিজের সৌন্দর্য নিয়ে বিনয়ী এই অভিনেত্রী। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিতে তার চেয়েও অনেক সুন্দরী শিল্পী রয়েছেন। পূর্ণিমা বলেন, ‘আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছেন। তাই আমি একমাত্র সুন্দরী—এটা আমি বিশ্বাস করি না।’
ঢালিউডে বড় পর্দার তারকাদের ছোট পর্দায় কাজ করা নিয়ে একসময় নেতিবাচক ধারণা থাকলেও সেই ধারা ভেঙে দিয়েছেন পূর্ণিমা। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও কাজ করে জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। ক্যারিয়ারে রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খান–এর মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মনের মাঝে তুমি ও মধুর মিলন। এছাড়া কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।
সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য ও দর্শকের ভালোবাসা নিয়ে এখন সন্তুষ্ট সময় পার করছেন এই জনপ্রিয় নায়িকা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!