যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকেই ফ্যাসিবাদের জন্ম: তথ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ AM

১৬
ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকেই ফ্যাসিবাদের জন্ম: তথ্যমন্ত্রী

ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকেই ফ্যাসিবাদের জন্ম হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ফ্যাসিবাদ এক ধরনের মানসিক প্রবণতা, যা নিয়ন্ত্রণে না থাকলে রাষ্ট্র ও সমাজকে বিপথে নিয়ে যেতে পারে।

বৃহস্পতিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার ভেতরেই এমন কিছু ‘ভাইরাস’ থাকে, যা আগে থেকে প্রতিরোধ করা না গেলে তা ফ্যাসিবাদের দিকে ধাবিত করে। “রাজনৈতিক প্রক্রিয়ায় এর বিরুদ্ধে অ্যান্টিভাইরাস বা ভ্যাকসিনের মতো প্রতিরোধ গড়ে তুলতে হয়,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতার প্রভাব-প্রতিপত্তি অনেক সময় মানুষকে এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে জবাবদিহিতার অভাব দেখা দেয়। এ কারণে বর্তমান সরকার শুরু থেকেই এ বিষয়ে সতর্ক রয়েছে এবং জনপ্রতিনিধিদের সরকারি সুবিধা গ্রহণে সংযমের বার্তা দেওয়া হয়েছে।

ফ্যাসিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্বশীল ও সচেতন গণমাধ্যম এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অতীতের নির্যাতন ও অন্যায়ের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের উচিত আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানো। তা না হলে এসব বিষয় রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থেকে যেতে পারে এবং ভবিষ্যতে নতুন করে ঝুঁকি তৈরি হতে পারে।

সাংবাদিকদের পেশাগত অধিকার নিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে একটি শিল্প হিসেবে বিবেচনা করে সেখানে সুশৃঙ্খল নিয়োগ ও বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে। ওয়েজবোর্ড বাস্তবায়নের মাধ্যমে সংবাদকর্মীদের সম্মানজনক বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!