প্রবাসে দলকে আরও সুসংগঠিত করা এবং নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে দুই দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। আগামী ২৫ ও ২৬ এপ্রিল জর্জিয়ার আটলান্টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, উত্তর আমেরিকাভিত্তিক বিএনপির এ আয়োজনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলের শীর্ষ নেতা, বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। প্রবাসে এটিকে দলের অন্যতম বড় সাংগঠনিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, কর্মশালা ও সম্মেলনে উত্তর আমেরিকায় দলের কার্যক্রম আরও গতিশীল করা, প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি, দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের কর্মীদের জন্য দিকনির্দেশনাও দেওয়া হবে।
জর্জিয়া বিএনপি এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দলটির নেতাদের মতে, এই কর্মসূচি প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং উত্তর আমেরিকায় দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!