যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার ৩ বৈশাখ ১৪৩৩

ভালো স্কুলগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে: শফিকুর রহমান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ AM

১৭
ভালো স্কুলগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে: শফিকুর রহমান

শিক্ষাব্যবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ভালো স্কুলগুলোকে পরিকল্পিতভাবে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে।

সোমবার রাতে রাজধানীর কাফরুল এলাকায় ঢাকা মহানগরী উত্তরের এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, এক সময় এলাকাটিতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও বর্তমানে সেগুলো ধ্বংসের পথে। শিক্ষার মান অব্যাহতভাবে নিম্নমুখী হওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার কথাও তুলে ধরেন। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে গ্যাস ও পানির সংকট, ভাঙাচোরা সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং ময়লা-আবর্জনার কারণে এলাকায় দুর্গন্ধযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়া দখলবাজির কারণে নাগরিক সুবিধা আরও সংকুচিত হয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে গেছে। পাশাপাশি দুর্নীতিও ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসীর জন্য মানসম্মত হাসপাতাল বা উন্নত চিকিৎসাসেবার সুযোগ নেই। একটি ভালো ডিগ্রি কলেজ ও উন্নতমানের মাদ্রাসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতার উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন, ঈদের সময় প্রাপ্ত অর্থ ও সহায়তা প্রকৃত দরিদ্রদের তালিকা করে বিতরণ করা হয়েছে। কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থ সেখানে প্রাধান্য পায়নি বলেও দাবি করেন তিনি।

দলের অতীত প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের অনেক নেতাকে বিভিন্ন সময়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তারা তাদের আদর্শিক অবস্থান থেকে সরে আসবেন না বলে উল্লেখ করেন।

এলাকাবাসীর সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। একটি অফিস স্থাপনের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই সবার মতামত নিয়ে সমাধানের পথ খোঁজা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!