যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

পার্বত্য জেলায় শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ AM

১৪
পার্বত্য জেলায় শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় টেকসই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেই এ অঞ্চলে উন্নয়ন ও সহাবস্থান নিশ্চিত করা হবে।

বুধবার বান্দরবানের কুহালং ইউনিয়নের চেমীডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘মাহা সাংগ্রাইং পোয়ে’র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও উৎসব জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আগামী দিনে এ অঞ্চলে আরও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করা হবে। সামাজিক কাঠামোর উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে এবং উন্নয়নে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না।

এর আগে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী। পরে জেলা সদরের রাজার মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মারমা সম্প্রদায় প্রতিবছর পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘সাংগ্রাইং পোয়ে’ উৎসব উদযাপন করে থাকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!