হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তে চীন ‘খুবই খুশি’ বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ আর কখনোই অবরুদ্ধ হবে না।
পোস্টে তিনি লেখেন, ‘আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত করে দিচ্ছি—এতে চীন খুবই খুশি। আমি এটি তাদের জন্য এবং বিশ্বের জন্যও করছি। এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনোই হবে না।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে। কয়েক সপ্তাহ পর চীন সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
তিনি বলেন, ‘আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি। লড়াইয়ের চেয়ে এটি কি ভালো নয়?’ তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র লড়াইয়েও সক্ষম—এ কথাও উল্লেখ করেন তিনি।
তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে সব তথ্য মেলে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন সামরিক স্থাপনা শনাক্তে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহারের চেষ্টা করছে তেহরান।
যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে না।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!