যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে না পৌঁছালেও দুই দেশের সংলাপে বসাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। তবে এই আলোচনা ভেস্তে গেলে বৈশ্বিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ঢাকা।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ চায় আলোচনা আরও বেগবান হোক এবং এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান আসুক। তা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, যার প্রভাব অর্থনৈতিক ও সামাজিকভাবে সারা বিশ্বেই পড়বে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো মূল্যে যুদ্ধ বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান খুঁজে বের করা প্রয়োজন। চলমান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতি।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান-এর আলোচনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুই পক্ষ অন্তত আলোচনায় বসতে সম্মত হয়েছে—এটি সংঘাত নিরসনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ।
প্রথম দফার আলোচনায় কোনো সমাধান না আসা প্রসঙ্গে তাৎক্ষণিক মন্তব্য করতে চাননি তিনি। প্রতিমন্ত্রী বলেন, আলোচনা এখনো চলমান এবং সব পক্ষের উচিত সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!