যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে: নাহিদ ইসলাম

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৪:৪২ AM

২৯
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে: নাহিদ ইসলাম

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন–এর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। কিন্তু বাংলাদেশ ব্যাংক ও দুদকের মতো প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল, তা বাস্তবে দেখা যাচ্ছে না। এ অবস্থায় দ্রুত সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনকল্যাণে নিয়োজিত করার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ইফতার মাহফিলে ব্রিটেন, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনার এবং ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ফিলিস্তিন, স্পেন ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেন।

এনসিপির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের উপপ্রধান আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!