যুক্তরাষ্ট্র   বুধবার ১১ নভেম্বর ২০২৬, বুধবার ২৬ কার্তিক ১৪৩৩

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ AM

১৮
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।

সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব। সেখানে কেবল আমাদের শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসাসেবা পাবেন।’

এসব হাসপাতাল ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সরকারের পরিকল্পনার অংশ।

এ সময় দেশের স্বাস্থ্যব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে দেশের স্বাস্থ্যব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার অবকাঠামো ভেঙে পড়েছিল। আগের গণতান্ত্রিক সরকারগুলোর সময়ে গড়ে ওঠা অনেক অবকাঠামোও অবশিষ্ট থাকেনি।

তারেক রহমান বলেন, স্বাস্থ্যব্যবস্থার এমন অবনতি হয়েছিল যে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হতে হতো।

তিনি আরও বলেন, ওই সময়ে দেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেড়েছে।

প্রধানমন্ত্রীর অভিযোগ, এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যা দেশের শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!