যুক্তরাষ্ট্র   বুধবার ১১ নভেম্বর ২০২৬, বুধবার ২৬ কার্তিক ১৪৩৩

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ AM

১৭
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের জন্য ইরান প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, জবরদস্তি কিংবা হুমকির কাছে তেহরান মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের ‘শত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর হামলার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে দেশটি যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন এক অবস্থার মধ্যে রয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা আত্মসম্মান বজায় রেখে কথা বলতে এবং সম্মানের সঙ্গে সমস্যার সমাধান করতে পারি। আমরা আলোচনা ও সংলাপে বিশ্বাসী। সংলাপের মাধ্যমে অধিকার আদায় করা সম্ভব হলে যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। তবে কোনো শক্তি প্রদর্শন বা হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না।’

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তেহরান।

তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি বলেছিলাম, আমরা ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে সংলাপে বিশ্বাস করি এবং নিজেদের অধিকার দাবি করি। তবে কোনো ধরনের বলপ্রয়োগের কাছে মাথা নত করব না।’

হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফেরাতে দুই দিনের প্রস্তাব

এদিকে চলমান সংকট সমাধানে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই প্রস্তাবটিকে সংকট সমাধানের জন্য সম্ভাব্য সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সূত্র: এএনআই।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!