যুক্তরাষ্ট্র   বুধবার ১১ নভেম্বর ২০২৬, বুধবার ২৬ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বরের ধারাবাহিকতায় এসেছে জুলাই গণঅভ্যুত্থান: রিজভী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

১৯
৭ নভেম্বরের ধারাবাহিকতায় এসেছে জুলাই গণঅভ্যুত্থান: রিজভী

১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে কীভাবে মানুষ জেগে উঠতে পারে, ৭ নভেম্বর তার শিক্ষা দিয়েছে। দিনটি জাগরণের, আত্মসচেতনতা ফিরে পাওয়ার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার দিন।

সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, ওই সময়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু সে সময় মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল।

১৯৭৫ সালের ১৫ আগস্টকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের পরিণতি হিসেবে উল্লেখ করে তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক মতের মানুষদের নির্যাতন ও হত্যার অভিযোগ করেন। তাঁর দাবি, ওই সময়ে ২৫ থেকে ৩০ হাজার বিপ্লবীকে হত্যা করা হয়েছিল। দেশে দুর্ভিক্ষ, ক্ষুধা ও দারিদ্র্য দেখা দিয়েছিল। মানুষ খাদ্যের অভাবে গাছের পাতা খেতে বাধ্য হয়েছিল।

৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, এ দিনের পর মানুষ আবার কথা বলার স্বাধীনতা ফিরে পায়। সাধারণ মানুষ নাগরিক স্বাধীনতা লাভ করে। রাজনৈতিক দল গঠন ও নিজেদের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষির উন্নয়নে খাল খনন, বিদেশে শ্রমিক পাঠানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে তিনি ভূমিকা রেখেছিলেন। তৈরি পোশাকশিল্পে নারীদের অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতেও তাঁর অবদান রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে স্বৈরশাসনের পতন ঘটে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় উত্তরণ হয়।

তবে পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, গত ১৬-১৭ বছরে ডামি ও মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ সহজ-সরল হলেও অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জেগে উঠলে প্রবল প্রতিবাদ গড়ে তোলে। তাঁর দাবি, জনগণের সেই প্রতিবাদের মুখে শেখ হাসিনা কিংবা তাঁর সমর্থকেরা কিছু করতে পারবেন না।

জাসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও শিল্পকলার সাবেক মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!