যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

‘রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হলে কঠোর হাতে দমন করা হবে’

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৪:২৭ AM

১০
‘রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হলে কঠোর হাতে দমন করা হবে’

সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলা বা সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সরকারের সমালোচনা সবাই করতে পারে। সরকারের বিরুদ্ধে বলার অধিকার আছে। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে কঠোর হাতে দমন করা হবে।’

সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ

সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।

নিজেও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময়ে সাইবার বুলিংয়ে আমাকেও অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে।’

তবে নতুন আইন কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে লক্ষ্য করে করা হচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এই আইন কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে করা হচ্ছে না। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি বন্ধ করার জন্যও হচ্ছে না। কিন্তু দেশ ও জনগণের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে, তা কঠোর হাতে দমন করা হবে।’

অপতথ্যে লাইক-কমেন্ট করলেও ব্যবস্থা

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও ভালো করার লক্ষ্যেই আইন করা হচ্ছে। নারী ও শিশুদের সুরক্ষায় নতুন আইন করা হচ্ছে। তবে শুধু আইন করে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নৈতিক অবক্ষয় রোধে আইন প্রয়োগের পাশাপাশি তথ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জেনে-শুনে কেউ অপতথ্যে লাইক বা কমেন্ট করলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

বর্তমানে শিশু-কিশোরদের খেলাধুলার পর্যাপ্ত সুযোগ নেই উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে ছেলে-মেয়েরা অনেকটা বন্দী অবস্থায় থাকে। তাদের খেলাধুলার সঙ্গে যুক্ত করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

‘সচেতনতাই প্রধান কার্যক্রম’

সভায় সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য থেকে বোঝা গেছে, অপতথ্য ও গুজবের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তুলতে না পারলে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ করা কঠিন।

তবে এ ক্ষেত্রে সচেতনতাকে প্রধান কার্যক্রম হিসেবে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে এক দিন বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!