আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ভরযোগ্য তথ্য ও সঠিক দিকনির্দেশনা দিতে আগামী ৭ ও ৮ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে ফ্যাকড-ক্যাব (Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh)-এর ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা-২০২৬।
সোমবার (৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন ফ্যাকড-ক্যাবের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুমোদিত শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা এক ছাদের নিচে বিদেশে উচ্চশিক্ষায় ভর্তি, স্কলারশিপ, ভিসা, টিউশন ফি, আবেদন প্রক্রিয়া এবং শিক্ষা-পরবর্তী ক্যারিয়ার সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
ফ্যাকড-ক্যাবের নেতারা জানান, আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি, নৈতিক ও স্বচ্ছ শিক্ষা পরামর্শ নিশ্চিত করা এবং নিরাপদ ও মানসম্মত আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ মেলার মূল উদ্দেশ্য।
তারা আরও বলেন, দর্শনার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, উচ্চশিক্ষার বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য, স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ, ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা পাবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর আশরাফ আলী এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে ফ্যাকড-ক্যাবের সভাপতি মো. জুলফিকার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, শিক্ষা মেলা-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি মো. বশির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম পার্থ, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ফ্যাকড-ক্যাবের নেতারা বলেন, আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারা বলেন, “সঠিক তথ্যই নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।” তাই কোনো শিক্ষার্থী বা অভিভাবক যেন ভুল তথ্য বা প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যেই দায়িত্বশীল শিক্ষা পরামর্শ নিশ্চিত করতে ফ্যাকড-ক্যাব কাজ করছে।
একই সঙ্গে আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। পাশাপাশি দেশের শিক্ষার্থী, অভিভাবক ও আগ্রহী দর্শনার্থীদের ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিতব্য শিক্ষা মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!