অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন সিনেমা মাইসা–র শুটিংয়ের সময় ডান দিকের হিপে আঘাত পাওয়ার পর কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলেন তিনি।
অবশেষে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে রাশমিকা জানান, শুরুতে তিনি চোটের বিষয়টি কাউকে জানাতে চাননি। তবে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘ইনজুরি সত্যিই খুব বাজে জিনিস। আমি ভেবেছিলাম, বিষয়টা কেউ জানতে পারবে না। কিন্তু কিছুদিন আগে এই চোট পেয়েছি। এটা পরপর আমার তৃতীয় ইনজুরি। নিজের শরীরকে আর যন্ত্রের মতো ব্যবহার করা উচিত নয়, সেটা এবার বুঝতে পারছি।’
রাশমিকা জানান, মাইসা সিনেমার একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর ডান হিপের একটি টেনডন ছিঁড়ে যায়। ফলে স্বাভাবিকভাবে চলাফেরা ও পা নড়াচড়ায় সমস্যা হচ্ছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন বিশ্রামে রয়েছেন।
চোটের কথা জানিয়ে ভক্তদের আশ্বস্তও করেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘ব্যথা আছে, তবে সহ্যের বাইরে নয়। মনে হচ্ছে, ঈশ্বর আমাকে জোর করে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিয়েছেন।’
বর্তমানে বাড়িতে থেকেই সুস্থ হওয়ার চেষ্টা করছেন রাশমিকা। অবসরের সময় পাজল খেলছেন, পোষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ভক্তদের পাঠানো উপহার উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।
রবীন্দ্র পুল্লে পরিচালিত প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার মাইসায় একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। নির্মাতাদের দাবি, ছবিটিতে ভারতের প্রথম নারী-কেন্দ্রিক পানির নিচের অ্যাকশন দৃশ্য রয়েছে। চলতি বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!