যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

গেইলকে ছাড়িয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক পোলার্ড

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৪:৪৭ AM

২১
গেইলকে ছাড়িয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক পোলার্ড

টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নতুন নাম উঠেছে শীর্ষে। দীর্ঘদিন ধরে রেকর্ডটি নিজের দখলে রাখা ক্রিস গেইলকে পেছনে ফেলে এখন টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড।

রোববার যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এমআই নিউইয়র্কের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন পোলার্ড। ম্যাচটির আগে গেইলের রেকর্ড ভাঙতে তাঁর প্রয়োজন ছিল ৮০ রান। দল হারলেও দুর্দান্ত এক সেঞ্চুরি করে সেই লক্ষ্য পূরণ করেন তিনি।

৭৩৬ ম্যাচের ৬৫৩ ইনিংস শেষে পোলার্ডের রানসংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮২। এত দিন ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে টি–টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গেইল।

তবে দুই ক্যারিবীয় ব্যাটারের পরিসংখ্যানে রয়েছে বড় পার্থক্য। গেইল যেখানে টি–টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করেছেন, সেখানে পোলার্ডের সেঞ্চুরি মাত্র দুটি। অর্ধশতকের সংখ্যাতেও এগিয়ে গেইল। তাঁর ৮৮টি ফিফটির বিপরীতে পোলার্ডের রয়েছে ৬৭টি।

ওয়াশিংটনের বিপক্ষে ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পোলার্ড ৫৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। তবে অধিনায়কের সেঞ্চুরিও এমআই নিউইয়র্ককে হার এড়াতে পারেনি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১৫ রান তুলেই থামতে হয় দলটিকে। ফলে ৩০ রানের জয় পায় ওয়াশিংটন ফ্রিডম।

টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পোলার্ড ও গেইলের পর রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জস বাটলার এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

হেলস ৫২৮ ম্যাচের ৫২৩ ইনিংসে করেছেন ১৪ হাজার ৪৪৯ রান। বাটলারের সংগ্রহ ৫১০ ম্যাচের ৪৮১ ইনিংসে ১৪ হাজার ৩৭১ রান। আর ৪৩৫ ম্যাচে ১৪ হাজার ২৮৪ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন ওয়ার্নার।

দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে পোলার্ড এবার নিজের নাম লিখিয়ে নিলেন টি–টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!