২০২৬ বিশ্বকাপে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।
শুক্রবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে থাকা দলটি এদিন নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়।
ম্যাচের ২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথেউস কুনহা। মাঝমাঠ থেকে আক্রমণের সূচনা করে শেষ পর্যন্ত গোলেরও দেখা পান তিনি। ভিনিসিয়ুস জুনিয়রের শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে ডিফেন্ডারের ক্লিয়ারেন্স কুনহার গায়ে লেগে জালে জড়ায়।
প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ব্রাজিল। ৩৮তম মিনিটে ভিনিসিয়ুসের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কুনহা। বাম পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকাস পাকেতার বাড়ানো বল ধরে একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে হাইতি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। কর্নার থেকে রিকার্দো আদেরের হেড অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। ম্যাচজুড়ে হাইতির এটিই ছিল উল্লেখযোগ্য সুযোগগুলোর একটি।
মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ কার্লো আনচেলত্তি একাদশে পরিবর্তন আনেন। তার সেই সিদ্ধান্ত সফলও হয়েছে। আক্রমণভাগে সুযোগ পাওয়া কুনহা জোড়া গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন।
ম্যাচের শেষ দিকে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক মাঠে নামলে গ্যালারিতে থাকা ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তিনি একবার বল জালেও পাঠিয়েছিলেন, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এই জয়ে গ্রুপ ‘সি’-তে গোল ব্যবধানে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। আগামী ২৪ জুন মিয়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া হাইতি শেষ ম্যাচে খেলবে মরক্কোর বিপক্ষে।
টানা সাত ম্যাচ পর ক্লিন শিটও পেয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বকাপে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আনচেলত্তির দল।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!