যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় হার, দায় নিলেন হৃদয়

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:১৯ AM

২৬
ব্যাটিং ব্যর্থতায় হার, দায় নিলেন হৃদয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের মূল কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে তিনি বলেন, দল হিসেবে ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাঁর মতে, এই উইকেটে ১৬০ থেকে ১৭০ রান করা সম্ভব ছিল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হলেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা।

অস্ট্রেলিয়ার চার স্পিনার বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন। এডাম জাম্পা ও জোয়েল ডেভিস তিনটি করে উইকেট নেন। ম্যাট রেনশ শিকার করেন দুটি উইকেট। অভিষিক্ত নিখিল চৌধুরিও পান একটি উইকেট।

জবাবে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে হৃদয় বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আজ ব্যর্থ হয়েছি। আমাদের অন্তত ১৬০ থেকে ১৭০ রান করা উচিত ছিল।’

মাঝের ওভারগুলোতে দ্রুত উইকেট হারানোয় বড় জুটি গড়ে ওঠেনি বলেও মনে করেন তিনি। হৃদয়ের ভাষ্য, ‘ইনিংসের মাঝপথে আমরা পরপর কয়েকটি উইকেট হারিয়েছি। ফলে কোনো বড় জুটি গড়া সম্ভব হয়নি।’

তবে উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের। তাঁর মতে, ব্যাটিংয়ের জন্য উইকেট যথেষ্ট ভালো ছিল। ‘১৩১ রান এই ধরনের ম্যাচে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। এমন স্কোর নিয়ে জিততে হলে বোলারদের অসাধারণ কিছু করতে হয়,’ বলেন তিনি।

হারের পরও বোলারদের প্রশংসা করেছেন হৃদয়। তিনি বলেন, ‘প্রতিটি সিরিজ ও ম্যাচেই আমাদের বোলিং ইউনিট ভালো করার চেষ্টা করে। আজও তারা লড়াই করেছে। আশা করি পরের ম্যাচে তারা আরও ভালো করবে।’

সিরিজের শুরুটা হার দিয়ে হলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের এই ব্যাটার। ‘আমরা সবাই জানি কোথায় ভুল করেছি। সেগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরতে চাই,’ বলেন হৃদয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!