যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন ফ্লিক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:২৪ AM

২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন ফ্লিক

বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি। পাশাপাশি পারফরম্যান্স সন্তোষজনক হলে আরও এক মৌসুমের জন্য চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

৬১ বছর বয়সী এই কোচ গত রোববার লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেন।

আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “অবশ্যই আমি খুব খুশি। এটি আমাকে আরও এক বা দুই বছর কাজ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দিচ্ছে।”

তিনি আরও বলেন, “অনেক কোচই হয়তো দীর্ঘমেয়াদি চুক্তি করতে চান। কিন্তু বার্সেলোনার ক্ষেত্রে আমি মনে করি সীমিত মেয়াদের চুক্তিই ভালো। আমরা ২০২৮ সাল পর্যন্ত একসঙ্গে থাকব। সবকিছু ভালোভাবে চললে পরে সিদ্ধান্ত নেব। আমার থামার অধিকার আছে, ক্লাবেরও আছে।”

বার্সেলোনায় ২০২৪ সালের গ্রীষ্মে যোগ দেন ফ্লিক। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি দুটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।

তবে ইউরোপিয়ান সাফল্য এখনো অধরা। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও বার্সেলোনায় এসে এখনো এই শিরোপা জিততে পারেননি তিনি। চলতি মৌসুমে কোয়ার্টার-ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় বার্সা। এর আগের মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে নাটকীয়ভাবে পরাজিত হয় তারা।
 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!