যুক্তরাষ্ট্র   বুধবার ৬ মে ২০২৬, বুধবার ২২ বৈশাখ ১৪৩৩

উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটির উদ্যোগ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ PM

৫৯
উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটির উদ্যোগ

আইইবি সদর দপ্তরে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবিঃ সংগৃহীত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নারী প্রকৌশলীদের জন্য আরও সহায়ক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইইবিতে আধুনিক ডে-কেয়ার সেন্টার চালু এবং একটি কার্যকর অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী শাহনাজ শারমিন এবং সঞ্চালনা করেন সম্পাদক প্রকৌশলী ইশরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই চ্যাপ্টারটি নানা কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। এটি নারী প্রকৌশলীদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। তিনি বলেন, দেশে বিভিন্ন খাতে নারী প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়ছে, যা প্রকৌশল খাতকে আরও শক্তিশালী করছে।

স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, কর্মজীবী নারী প্রকৌশলীদের সুবিধার কথা বিবেচনায় রেখে একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মপরিবেশকে নিরাপদ ও সম্মানজনক রাখতে একটি শক্তিশালী অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের কথাও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল) এবং ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। তাঁরা বলেন, উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ, সেমিনার ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে নারী প্রকৌশলীদের দক্ষতা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

চ্যাপ্টারের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী দিলরুবা ফারজানা বলেন, নারী প্রকৌশলীদের অংশগ্রহণ ও আগ্রহ দিন দিন বাড়ছে। তিনি জানান, সদস্যরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিভিশনের কনফারেন্স ও টেকনিক্যাল কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহনাজ শারমিন বলেন, নারী প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হচ্ছে, যা তাঁদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সঞ্চালকের বক্তব্যে প্রকৌশলী ইশরাত জাহান বলেন, এই চ্যাপ্টারের লক্ষ্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে নারী প্রকৌশলীরা দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় ও নেতৃত্ব বিকাশের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, নারী প্রকৌশলীরা এখন প্রযুক্তির পাশাপাশি নেতৃত্ব ও উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যাপ্টারের নির্বাহী ও কমিটি সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আইইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য এবং উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নারী প্রকৌশলী আইইবি ডে-কেয়ার উদ্যোগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!