ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নম্বর-৫০২২/২০২৬)-এর ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এরপর জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিনে নির্ধারিত সময়ের চেয়ে ১৯ মিনিট বিলম্বে আসায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। শূন্য আসনের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় বিভিন্ন জোট থেকে ওই আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।
নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের সবকটির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো।
নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য গেজেট শিগগিরই জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!