কোরবানির ঈদকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে যখন চলছে নানা প্রস্তুতি, তখন নারায়ণগঞ্জের এক খামারের গোলাপি রঙের একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ব্যতিক্রমী রঙ ও লম্বা চুলের কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম দেওয়া প্রায় ৭০০ কেজি ওজনের এই এলবিনো মহিষ এখন বিক্রি হয়ে যাচ্ছে ঢাকার এক ক্রেতার কাছে।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের এই মহিষকে ঘিরে ইতিমধ্যে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিদিনই শত শত মানুষ খামারে ভিড় করছেন।
খামার কর্তৃপক্ষ জানায়, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহীর একটি পশুর হাট থেকে সংগ্রহ করা হয় মহিষটি। এরপর প্রায় ১০ মাস ধরে বিশেষ যত্নে লালন-পালন করা হয়। বয়স আনুমানিক সাড়ে তিন থেকে সাড়ে চার বছর।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, “প্রথমে নাম ছিল না। পরে আমার ভাই মজা করে বলে, চুল তো ডোনাল্ড ট্রাম্পের মতো। সেখান থেকেই নামটা হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প।”
তিনি আরও বলেন, “মানুষ সাধারণত কালো মহিষ দেখে অভ্যস্ত। কিন্তু এই মহিষটি গোলাপি রঙের এবং চুলও আলাদা হওয়ায় সবাই আকৃষ্ট হয়েছে। নামটা ছড়িয়ে পড়ার পর এটি ভাইরাল হয়ে যায়।”
খামারের কর্মচারীরা জানান, মহিষটির জন্য আলাদা যত্ন নেওয়া হয়। নিয়মিত নির্দিষ্ট সময় মেনে খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া ও সবুজ ঘাস। পাশাপাশি নিয়মিত গোসলও করানো হয়।
পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, “মহিষটা খুব শান্ত। বিরক্ত না করলে কিছু করে না। মানুষ দেখলেও অস্থির হয় না।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর খামারটিতে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। অনেকেই শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত এই মহিষটি দেখতে আসছেন।
স্থানীয়রা জানান, খামারের অন্যান্য পশুর মধ্যেও মজার নাম থাকলেও সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই মহিষটি। শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের কাছেই এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু।
খামার কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদুল আজহাকে সামনে রেখে খামারের প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হলেও সবচেয়ে বেশি আগ্রহ ছিল এই মহিষকে ঘিরে।
জিয়াউদ্দিন মৃধা বলেন, “আমরা কল্পনাও করিনি এত মানুষের আগ্রহ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমই এটাকে জনপ্রিয় করেছে।”
তিনি জানান, মহিষটি ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওজন অনুযায়ী প্রতি কেজি ৫৫০ টাকা দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ঈদের আগেই এটি হস্তান্তর করা হবে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এটি বিরল এলবিনো জাতের দেশি মহিষ, যার শরীরে রঞ্জক পদার্থের অভাবে এমন গোলাপি আভা দেখা যায়। তবে এটি কোনো বিদেশি জাত নয়।
প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কারণে পশুটি সাধারণের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে, যা সাম্প্রতিক সময়ে খামার ব্যবসায় নতুন মাত্রা যোগ করছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!