যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

চীনের সিনোভ্যাকের ৩ লাখ ৮৩ হাজার পোলিও টিকা অনুদান পেল বাংলাদেশ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:১৭ AM

চীনের সিনোভ্যাকের ৩ লাখ ৮৩ হাজার পোলিও টিকা অনুদান পেল বাংলাদেশ

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও শক্তিশালী করতে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে।

আজ বুধবার (১৩ মে) সকালে রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অনুদান গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এই সময়ে টিকাসহায়তা দিয়ে চীন আবারও প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু। তিনি বলেন, ভবিষ্যতে ডেঙ্গু, পোলিওসহ বিভিন্ন রোগ মোকাবিলায় চ্যালেঞ্জ থাকলেও টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের টিকার ঘাটতি নেই।

তিনি আরও জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হাম প্রতিরোধী টিকার আওতায় আনা হয়েছে। যারা এখনো বাদ পড়েছে, তাদের দ্রুত কর্মসূচির আওতায় আনা হবে। শিগগিরই ভিটামিন–এ ক্যাম্পেইন শুরু করা হবে বলেও তিনি জানান। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে এর সংখ্যা বাড়ানো হবে।

সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লি নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিকে সহায়তা করতে পেরে তারা গর্বিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এই পোলিও (sIPV) টিকা অনুদান দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পোলিও একটি মারাত্মক সংক্রামক রোগ, আর এর প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। এই অনুদান বাংলাদেশের পোলিও নির্মূল প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই, ঔষধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!