যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আর নেই

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:৪৬ AM

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আর নেই

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী না হয়ে আসনটি তার ছেলে মাহবুব রহমান রুহেলকে ছেড়ে দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তিনি জামিন পান। ২০২৫ সালের ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি কারামুক্ত হন।

পরিবার সূত্র জানায়, ঢাকায় তার একটি জানাজা অনুষ্ঠিত হবে। তবে স্থান ও সময় এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!