যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

গরমে তরমুজ খাওয়ার সেরা সময় কখন?

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:৫৪ AM

গরমে তরমুজ খাওয়ার সেরা সময় কখন?

গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় হিটস্ট্রোক, পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা সাধারণ সমস্যায় পরিণত হয়। এ সময় শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে মৌসুমি ফল তরমুজকে অন্যতম উপকারী খাবার হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

তরমুজে প্রায় ৯০ শতাংশ পানি থাকায় এটি শরীরের পানিশূন্যতা পূরণে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপিন ত্বককে সতেজ রাখতে সাহায্য করে বলে জানান পুষ্টিবিদরা।

বিশেষজ্ঞদের মতে, গরমে নিয়মিত তরমুজ খেলে মাথা ঘোরা, দুর্বলতা এবং হিটস্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে আসতে পারে। সহজপাচ্য এই ফলটি হজমের সমস্যাও তুলনামূলকভাবে কম সৃষ্টি করে।

তবে প্রশ্ন হলো—তরমুজ খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় কখন?

পুষ্টিবিদদের মতে, সকালে তরমুজ খাওয়া সবচেয়ে উপকারী। বিশেষ করে খালি পেটে এটি খেলে শরীর দ্রুত হাইড্রেটেড হয় এবং সারাদিন সতেজ থাকার সম্ভাবনা বাড়ে। এছাড়া দুপুরের খাবারের অন্তত এক ঘণ্টা আগেও তরমুজ খাওয়া যেতে পারে।

ব্যায়ামের পর তরমুজ খাওয়াকেও উপকারী হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে সাহায্য করে। গরমের দুপুরে অল্প পরিমাণ তরমুজ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

অনেকে জানতে চান—তরমুজ খাবারের আগে না পরে খাওয়া উচিত?

বিশেষজ্ঞদের মতে, তরমুজ খাবারের আগে খাওয়া তুলনামূলকভাবে বেশি উপকারী। এতে পেট হালকা থাকে, হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতাও কমে।

সব মিলিয়ে গরমে শরীর ঠান্ডা ও হাইড্রেটেড রাখতে তরমুজ একটি কার্যকর ফল হলেও, সঠিক সময়ে খাওয়াই এর উপকারিতা সর্বাধিক নিশ্চিত করতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!