আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ। নতুন নির্দেশনার পর দেশটির বিভিন্ন স্থানে কর্মকর্তারা মোবাইল ফোন ধ্বংস করেছেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তালেবানের সামরিক আদালতের নির্দেশনায় সরকারি কর্মকর্তা, নিম্নপদস্থ কর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার জন্য স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ফোন জব্দ ও ধ্বংসের পাশাপাশি শরিয়াহ ও প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে। কিছু ক্ষেত্রে আদেশ অমান্যকারীদের ফোন প্রকাশ্যে ভেঙে ফেলার ঘটনাও দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তালেবান কর্মকর্তাদের ফোন নিষেধাজ্ঞার নির্দেশনা পড়তে এবং মোবাইল ফোন ভাঙতে দেখা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ সিদ্ধান্ত কার্যকরের জন্য তালেবান সুপ্রিম লিডার Hibatullah Akhundzada-এর অনুমতি ছাড়া কোনো ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, কিছু এলাকায় এই নির্দেশনা শুধু সরকারি কর্মকর্তাদের ওপর সীমিত থাকলেও কোথাও কোথাও বেসামরিক নাগরিক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!