ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে প্রায়ই কথা বলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মা, পরিবার, ধৈর্য এবং নিজের ভেতরের পরিবর্তন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।
সাদিয়া আয়মান বলেন, “আমি চাই যেন আমিও একদিন আমার আম্মুর মতো হতে পারি, যেখানে আমি না থাকলেও মানুষ আমাকে খুঁজবে, বলবে ‘সাদিয়া কোথায়?’ আমার আম্মু আমার দেখা সবচেয়ে ধৈর্যশীল মানুষ। আমি তার কাছ থেকেই প্রতিনিয়ত অনুপ্রেরণা পাই। আমিও ধীরে ধীরে নিজেকে ধৈর্যশীল করার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, কাজের ব্যস্ততার মধ্যেও সহশিল্পীদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তাকে জীবনের বাস্তবতা শেখায়। তার ভাষায়, শুটিং চলাকালে অনেক সময় একসঙ্গে খাওয়ার সুযোগও থাকে না, ফলে টুকটাক খাবার খেয়েই কাজ চালাতে হয়।
অভিনেত্রী আরও বলেন, “আমি একজন মানবিক মানুষ, নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি। আমার মনে হয় আমি আমার আম্মুর মতো হয়েছি। আগে আমি অনেক অধৈর্য ছিলাম, খুব দ্রুত কথা বলতাম। এখন ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা করছি।”
সাদিয়া আয়মান জানান, মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে এবং ধৈর্যশীল হতে সাহায্য করেছে। তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভেতরের পরিবর্তনই তাকে আরও স্থিতিশীল করেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!