২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর কেন্দ্রীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় সেশনজট কমাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এর ফলে পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে সারাদেশে ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হবে।
তিনি আরও বলেন, পাঠদানকে যুগোপযোগী করতে বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ চলছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে।
ড. এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘আগামীর বাংলাদেশ’ গড়তে দক্ষ ও মানবিক মানবসম্পদ তৈরির বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং নতুন বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, স্কুল, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে নির্বাচিত ৪০০ জন শিক্ষার্থী।
আয়োজকদের মতে, শিশুদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, মো. আতিকুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!