যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:২৬ AM

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে এ ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী ২২ মে থেকেই টানা অবকাশে যাচ্ছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হবে। কিন্তু ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে এসব স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ১৬ দিনের বিরতি পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপঞ্জিতে তুলনামূলক দীর্ঘ ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটির পরবর্তী সময়ে জুলাই মাসে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া আগস্টে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সেপ্টেম্বরে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আরও কিছুদিন ছুটি নির্ধারিত রয়েছে।

প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম, পারিবারিক সময় কাটানো এবং মানসিক প্রশান্তির সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

আরএস-

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!