যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত: শিল্পমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৪:৫৭ AM

২২
সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত: শিল্পমন্ত্রী

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানায় সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কারখানাটির উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

আজ সোমবার চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সিইউএফএল এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রায় ৪০ বছর আগে প্রতিষ্ঠিত সিইউএফএলের উৎপাদনক্ষমতা সময়ের সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে কারখানাটি তুলনামূলক বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিইউএফএলকে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিরূপণে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল নিয়ে আমরা প্রাথমিক পরিদর্শনে এসেছি।’

দেশের সার কারখানাগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) ছাড়া দেশের অন্য কোনো সার কারখানা সারা বছর পূর্ণমাত্রায় চালু রাখা সম্ভব হয় না। গ্যাস সংকটের কারণে প্রায়ই উৎপাদন ব্যাহত হয়। তিনি জানান, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার তালিকায় প্রথমে বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় স্থানে শিল্প-কলকারখানা এবং তৃতীয় স্থানে রয়েছে সার কারখানা।

পরিদর্শনকালে মন্ত্রী কাফকো, সিইউএফএল ও ডিএপি সার কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি সিইউএফএল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পৃথকভাবে প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ডিএপি ফার্টিলাইজার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হকসহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!