যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান আকতার হামিদ পবন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৩:৫৭ PM

২১
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি  একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান আকতার হামিদ পবন

 
রাজধানীর অন্যতম প্রধান প্রযুক্তি বাজার শাহবাগের মোতালেব প্লাজায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন যাবত। ইতোমধ্যে শাহবাগ থানায় লিখিত অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।
সর্বশেষ, হাবিবুর রহমান বাচ্চু নির্বাচন চেয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। যার স্মারক নং ৭১৭৭/২০২৬। মহামান্য হাইকোর্ট এ রীট পিটিশন আমলে নিয়ে মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনার আবেদন নিষ্পত্তির জন্য ৩নং বিবাদী (পুলিশের মহাপরিদর্শক),  ৪নং বিবাদী (মহাপরিচালক, শ্রম অধিদপ্তর), ৫ নং বিবাদী (মহাপরিচালক,ট্রেড ইউনিয়ন) নির্দেশ প্রদান করেন।
এর দ্বারা এটা স্পষ্ট নয় যে, মহামান্য হাইকোর্ট আবেদনকারীর পক্ষে বা বিপক্ষে বিষয়টি নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন। তথাপি,  মাহবুবুর রহমান বাচ্চু প্রচার করে বেড়াচ্ছেন যে, আদালত তাকে বা তার কমিটিকে নির্বাচন পরিচালনার জন্য আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তিনি মার্কেটে অস্থিতিশীল পরিস্থতি সৃষ্টি ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। 

এ বিষয়টি অবহিত করানোর জন্য আকতার হামিদ পবন মোতালেব প্লাজাস্থ সমিতির অফিসে এক সংবাদ সম্মেলন আহ্বান করেন। তিনি সকল বৈরিতা পরিহার করে একটি সকলের অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন কামনা করেন। তিনি হাইকোর্টের নির্দেশনার বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেন। 

প্রাপ্ত তথ্যমতে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোতালেব প্লাজার পূর্ববর্তী কমিটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। এতে মার্কেটে প্রশাসনিক স্থবিরতা ও নেতৃত্ব সংকট তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় খোন্দকার আকতার হামিদ পবনকে সভাপতি এবং শাহ আলম বেপারীকে সাধারণ সম্পাদক করে একটি নতুন এডহক কমিটি গঠন করা হয়।

তবে এই কমিটিকে ‘অবৈধ’ ও ‘বিনা নির্বাচনের কমিটি’ হিসেবে দাবি করে এর তীব্র বিরোধিতা শুরু করে সাবেক কমিটির একটি পক্ষ।

নতুন এডহক কমিটির পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, গত ৩ মে ২০২৬ তারিখে সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাচ্চুর নেতৃত্বে একদল লোক মার্কেটে এসে বর্তমান কমিটির নেতাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। এসময় তারা মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দেশের অন্যতম বৃহৎ এই মোবাইল ও গ্যাজেট মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা বর্তমানে দিশেহারা। দীর্ঘদিনের এই ক্ষমতার লড়াই, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সংস্কৃতিতে তারা অতিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তারা কোনো পক্ষের বিবাদে জড়াতে চান না, শুধু শান্তিপূর্ণভাবে ব্যবসা করার পরিবেশ চান । ব্যবসায়ীরা এই সংকট নিরসনে দ্রুত একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!