তামিল সুপারস্টার ও সদ্য দায়িত্ব নেওয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
বুধবার চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী বিজয়ের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সামান্থা। দীর্ঘদিনের পরিচিত এই দুই তারকা একসঙ্গে চলচ্চিত্রে কাজ করলেও এবারই প্রথম তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে দীর্ঘ বার্তা দেন সামান্থা। সেখানে তিনি বিজয়ের ব্যক্তিত্ব ও দায়িত্ব গ্রহণের সিদ্ধান্তকে প্রশংসা করেন।
সামান্থা লেখেন, “আমার সবসময়ই মনে হয়েছিল, বিজয় স্যার কেবল পর্দার নায়ক হয়ে থাকার জন্য তৈরি হননি। তার প্রাণশক্তি, উপস্থিতি এবং মানুষের প্রতিক্রিয়া সবসময়ই আলাদা কিছু ইঙ্গিত দিত।”
তিনি আরও লেখেন, “যে অঙ্গনে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন, সেটি ছেড়ে এমন এক দায়িত্ব নেওয়া সহজ নয়। পরিবর্তন আনার বিশ্বাস থেকেই এমন সিদ্ধান্ত আসে।”
অভিনেত্রী মনে করেন, জনগণের আস্থা নিয়ে বিজয় তার নতুন দায়িত্বে ভালো কিছু করবেন।
উল্লেখ্য, সামান্থা ও বিজয় একসঙ্গে ‘কাত্থি’, ‘থেরি’ ও ‘মেরসাল’ সিনেমায় অভিনয় করেছেন, যেগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এদিকে সামান্থা বর্তমানে তার নতুন চলচ্চিত্র ‘মা ইন্তি বেঙ্গারাম’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!