ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
২০১১ সালে টি–টোয়েন্টি দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হয় রাহানের। এরপর দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৬টি অর্ধশতকে ৫ হাজার ৭৭ রান করেছেন রাহানে। ওয়ানডেতে তাঁর সংগ্রহ ২ হাজার ৯৬২ রান, যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২৪টি অর্ধশতক। টি–টোয়েন্টিতে করেছেন ৩৭৫ রান।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহানে বলেন, ব্যাটিংয়ে তিনি সবসময় সঠিক সময়ের গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর জন্য এটিই উপযুক্ত সময়।
তিনি বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর গত দুই দশকে ভারতীয় ক্রিকেটের অনেক পরিবর্তন হয়েছে। সেই যাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত। তবে ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক এখানেই শেষ নয়; ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের পাশে থাকার ইচ্ছার কথাও জানান তিনি।
অফফর্মের কারণে ২০২৩ সালে জাতীয় দল থেকে বাদ পড়েন রাহানে। ওই বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে নিজের শেষ টেস্ট খেলেন তিনি।
ভারতের হয়ে ছয়টি টেস্টে অধিনায়কত্ব করেন রাহানে। তাঁর নেতৃত্বে চারটিতে জয় এবং দুটি ম্যাচ ড্র করে ভারত। ২০২০–২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তাঁর নেতৃত্ব বিশেষভাবে স্মরণীয়।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে বড় হারের পর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে গেলে দলের দায়িত্ব নেন রাহানে। মেলবোর্ন টেস্টে তাঁর সেঞ্চুরিতে ভর করে ভারত সিরিজে সমতা ফেরায়। পরে সিডনি টেস্ট ড্র এবং ব্রিসবেন টেস্ট জিতে ইতিহাস গড়ে ভারত।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!