যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

শ্রমিক দল নেতা মিজানুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৪:২৯ AM

১০
শ্রমিক দল নেতা মিজানুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৮১ সালের ২৯ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী হিসেবে মিজানুর রহমান চৌধুরী চট্টগ্রামে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওই সময় তৎকালীন প্রতিমন্ত্রী সৈয়দ মুহিবুল হাসানের সঙ্গে তিনি এক নম্বর কক্ষে ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর মিজানুর রহমান চৌধুরী কাপড় দিয়ে তাঁর মরদেহ যত্নসহকারে মুড়িয়ে রেখেছিলেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মিজানুর রহমান চৌধুরী (৭৩) বুধবার ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই সন্তান ও পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন। বৃহস্পতিবার আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!