টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তান, বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পিসিবি সূত্রে জানা গেছে, বৈঠকে পাকিস্তান সরকারের অনুমোদন সাপেক্ষে তিনটি দাবি উত্থাপন করা হয়েছে—
বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় বাংলাদেশকে বড় অংকের ক্ষতিপূরণ দিতে হবে।
অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজক হওয়ার অধিকার দিতে হবে।
তবে আইসিসি জানিয়েছে, বাংলাদেশকে আলাদা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, তবে আয় থেকে তাদের পূর্ণ অংশ নিশ্চিত করা হবে।
আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পিসিবিকে পরামর্শ দিয়েছেন, বিষয়টি চাইলে আইসিসির আরবিট্রেশন কমিটিতে তুলতে বা বোর্ড সভায় আলোচনা করতে পারে। তবে ক্রিকেটের স্বার্থে দ্রুত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট প্রত্যাহার করাই যুক্তিযুক্ত বলে তিনি মন্তব্য করেন।
এর আগে পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘোষণা দেওয়া হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। পরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ‘সংহতির প্রতীক’ হিসেবে ব্যাখ্যা করেন।
আইসিসি পিসিবিকে সতর্ক করেছে, ফোর্স মেজর দাবি করার আগে কী ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল তা স্পষ্ট করতে হবে। এর পাশাপাশি, টুর্নামেন্ট শুরুর মাত্র ১০ দিনেরও কম সময় আগে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। পরিস্থিতি গুরুতর হলে আইসিসির কাছে পিসিবির সদস্যপদ স্থগিত বা বাতিলের ক্ষমতাও রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!