যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

ডিজিটাল প্রযুক্তির সুফল পৌঁছাতে হবে সবার কাছে: আইসিটি মন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ AM

৩৯
ডিজিটাল প্রযুক্তির সুফল পৌঁছাতে হবে সবার কাছে: আইসিটি মন্ত্রী

ডিজিটাল প্রযুক্তির সুবিধা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, ডিজিটাল রূপান্তরের সুফল থেকে নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীসহ কোনো প্রান্তিক জনগোষ্ঠী যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সারা দেশে ডিজিটাল সংযোগ সম্প্রসারণে কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে অর্থবহ ডিজিটাল অন্তর্ভুক্তি, ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতেও টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ করতে হবে, যাতে ডিজিটাল রূপান্তরের যাত্রায় দেশের কোনো অঞ্চল পিছিয়ে না থাকে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে সহজপ্রাপ্য যোগাযোগসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেলিযোগাযোগসেবা নিয়ে গ্রাহকদের উদ্বেগের বিষয় তুলে ধরে ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরগুলোর প্রতি কল ড্রপ কমানো, নেটওয়ার্কের মান উন্নয়ন এবং ভয়েস ও ডাটা প্যাকেজের মূল্য যৌক্তিক রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের স্বার্থ ও প্রত্যাশাকেও সমান গুরুত্ব দিতে হবে। সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং মানসম্মত সেবা নিশ্চিত করাই সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!