কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য ব্যবহৃত চিপের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইতিহাসে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) মার্কিন ডলারের বাজারমূল্য অতিক্রম করেছে।
বুধবার লেনদেন শুরুর পর কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১২ শতাংশ বেড়ে যায়। এতে স্যামসাংয়ের বাজারমূল্য নতুন এই মাইলফলক স্পর্শ করে। একই দিনে দেশটির আরেক শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স-এর শেয়ারও প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায়।
এর ফলে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোসপি-তেও বড় উল্লম্ফন দেখা যায়। সূচকটি লেনদেন শুরুর পর ৫ শতাংশের বেশি বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়।
বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে এআই অবকাঠামো সম্প্রসারণের কারণে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদা দ্রুত বাড়ছে। এই প্রবণতার প্রধান সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে উঠে এসেছে স্যামসাং।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫০ শতাংশ বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
বাজার বিশ্লেষণ সংস্থা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এশিয়ার মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করল স্যামসাং।
কোম্পানিটি আরও জানিয়েছে, বৈশ্বিক এআই খাতে বিনিয়োগ ও অবকাঠামো সম্প্রসারণ অব্যাহত থাকায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও মেমোরি চিপের চাহিদা শক্তিশালী থাকবে বলে তারা আশা করছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!