যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৩ AM

১৭
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে এখন পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কলম্বিয়ার চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এলাকাটি রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। কলম্বিয়ার কর্তৃপক্ষ প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

চোকো বিভাগের গভর্নর নুবিয়া কর্ডোবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, তাঁরা বড় ধরনের ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পের পর আফটারশক নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

তিনি জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল সান হোসে দেল পালমারের কাছে হলেও চোকোর প্রাদেশিক রাজধানী কুইবদোতেও হতাহত ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন দেওয়া হবে।

কলম্বিয়া ও প্রতিবেশী ইকুয়েডরের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জরুরি সেবার কর্মীরা বিভিন্ন এলাকায় উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন।

ভূমিকম্পের পর রাজধানী বোগোটার বিভিন্ন ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি। দেশটির বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার খবর ও ভিডিও প্রকাশিত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পেরেইরা শহরে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে মানিজালেসে দুজনের মৃত্যুর কথা বলা হয়েছে। এ ছাড়া ভ্যালে দে কাউকায় ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে পর্যটন অঞ্চল এহে কাফেতেরোর পেরেইরা ও মানিজালেসসহ বিভিন্ন শহরে ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

এর কয়েক সপ্তাহ আগেই ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। জুনের শেষ দিকে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ভবন ধ্বংসের ঘটনা ঘটেছিল।

সূত্র: আল জাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!