প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নেতাদের বার্ষিক সম্মেলনে চলতি মাসে তাইওয়ান অংশ নেবে। পালাউতে অনুষ্ঠেয় এই সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক জোট প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম।
গত বছর চীনের আপত্তির কারণে সম্মেলনে তাইওয়ানকে অংশ নিতে দেওয়া হয়নি। এবার দেশটির অংশগ্রহণের সিদ্ধান্তকে তাইওয়ানের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার রাতে ফিজিতে ফোরামের ১৮ সদস্য দেশের মন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন অগ্রাধিকার নির্ধারণের পর ফোরামের এক কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি জানান।
ফোরামের মহাসচিব ব্যারন ওয়াকা সংবাদ সম্মেলনে বলেন, চীন ও তাইওয়ান—দুটিই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, ‘তাইওয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তবে এটি আমাদের সংলাপের অংশীদার নয়। তারপরও ফোরাম পরিবারের সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ ও সহযোগিতা করে।’
আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের আয়োজক দেশ পালাউ।
পালাউ ছাড়াও টুভালু ও মার্শাল দ্বীপপুঞ্জ তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে। বর্তমানে বিশ্বে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশের সংখ্যা ১২টি।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তাইওয়ানের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে। ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের এবারের সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!