চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
গত ১৭ জুলাই চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে। পাহাড়ধসে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে। খবর এএফপির। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক পুরোপুরি ঢেকে গেছে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী টানা উদ্ধার অভিযান চালান।
এর আগে নিখোঁজ অন্তত ৫০ জনের সন্ধানে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, ধ্বংসস্তূপে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত শুক্রবার পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা ছিল ১১।
মঙ্গলবার রাতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা শেষে আরও ৩০ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এর মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশেও আরেকটি ভূমিধসে অন্তত ২১ জন নিহত হন। ওই ঘটনায় ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!