ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
বার্তা সংস্থা এএফপি-এর বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ট্রেজারি বিভাগ ইরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর ও পুনঃপ্রবেশের সক্ষমতা ধাপে ধাপে দুর্বল করতে কাজ করছে। তার ভাষায়, এসব কার্যক্রমের লক্ষ্য হলো নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ লেনদেনের পথগুলো বন্ধ করা।
তিনি আরও জানান, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ক্রিপ্টো ওয়ালেট শনাক্ত করে সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ ডিজিটাল সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওয়াশিংটন এখন শুধু প্রচলিত আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং ডিজিটাল সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোর ওপরও নজরদারি বাড়িয়েছে, যাতে নিষেধাজ্ঞা এড়ানোর কোনো সুযোগ না থাকে।
তিনি আরও জানান, ট্রেজারি বিভাগ ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করেছে।
বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ স্থানান্তরের প্রবণতা বাড়ছে, যা বৈশ্বিক আর্থিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!