নতুন সিনেমা গুলশানের চামেলিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাতা মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য এ ছবিতে তাঁকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে।
এর আগে ছবিটির নাম ভূমিকায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়ের খবর প্রকাশিত হয়েছিল। এবার নির্মাতার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে যুক্ত হচ্ছেন বাঁধনও। গণমাধ্যমকে বাঁধন জানান, পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প ও নির্মাণ পরিকল্পনা তাঁর ভালো লেগেছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে।
বাঁধনের ভাষ্য, তাঁকে যেভাবে সম্মানের সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি তাঁর কাছে ইতিবাচক মনে হয়েছে। পাশাপাশি ছবির অন্যান্য অভিনয়শিল্পী এবং সামগ্রিক আয়োজন বিবেচনা করেই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর এবং সানী সানোয়ারের এশা মার্ডার–এ অভিনয় করে প্রশংসিত হন বাঁধন। সম্প্রতি তাঁর অভিনীত দ্য ডিফিকাল্ট ব্রাইড ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে।
বাণিজ্যিক ঘরানার এই ছবিতে অভিনয়ের বিষয়ে বাঁধন বলেন, সব সময় একই ধরনের গল্পে কাজ করার সুযোগ হয় না। একজন অভিনেত্রী হিসেবে তিনি ভিন্ন ধরনের গল্প ও চরিত্রে কাজ করে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান।
জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে গুলশানের চামেলি। ছবিতে মধুমিতা সরকার ও বাঁধনের পাশাপাশি অভিনয় করবেন আমিন খান, রোজিনা ও আশীষ খন্দকার। চলতি বছরের ডিসেম্বর নাগাদ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!