যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট: ববি হাজ্জাজ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:০৫ AM

৩৫
প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। নিজের ওপর আস্থা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার জরুরি। এ লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে ববি হাজ্জাজ বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর এই যাত্রা শুরু হয়েছিল। সে সময়ের কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব এবং বিভিন্ন প্রদর্শনীর অভিজ্ঞতা আজও তাঁকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা তাঁকে তিন দশক আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, আত্মরক্ষার সক্ষমতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!